চসিকের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা। এতে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. শাহাদাত হোসেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারার ৩ উপধারা অনুসারে ডা. শাহাদাত হোসেন সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং মেয়রের দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। পরে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাঁকে মেয়র প্রার্থী হিসেবে জয়ী ঘোষণা করে রায় দেন।
