‘রামায়ণ’ নিয়ে কটাক্ষ, সমালোচকদের জবাব দিলেন রণবীর
বিনোদন ডেস্ক
মুক্তির আগেই নানা আলোচনা ও সমালোচনার মুখে পড়েছে বলিউড অভিনেতা রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘রামায়ণ’। ছবিটির প্রচারণার ঝলক প্রকাশের পর থেকেই প্রশংসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে কটাক্ষ। এমনকি সিনেমার গান নিয়েও চলছে নানা আলোচনা। এবার এসব সমালোচনা ও অনলাইন ট্রলিং নিয়ে মুখ খুলেছেন রণবীর।
সম্প্রতি এক অনুষ্ঠানে অনলাইন ট্রলিং প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, কে কী বলছেন, তা নিয়ে অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই। বরং যারা তাঁর কাজকে গুরুত্ব দেন এবং ভালো-মন্দের খোঁজ রাখেন, তাঁদের মতামতই বেশি গুরুত্বপূর্ণ।
রণবীর বলেন, ‘এখনকার সময়ে অনলাইন ট্রলিং বেশ জায়গা করে নিয়েছে। আমি পুরোনো সেই গানের দর্শনেই বিশ্বাস করি—“কুছ তো লোগ কহেঙ্গে, লোগোঁ কা কাম হ্যায় কহেনা”। আমার মনে হয়, জীবনে এই দর্শন মেনে চলাই সবচেয়ে ভালো। কে কী বলছেন, তা নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই। বরং যারা আপনার কাজ নিয়ে ভাবেন, আপনার মতামতকে গুরুত্ব দেন এবং আপনার ভালো-মন্দের খেয়াল রাখেন, তাঁদের কথাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
রণবীরের এই বক্তব্যের সঙ্গে জড়িয়ে আছে তাঁর অভিনীত সিনেমা ‘সঞ্জু’র একটি বিশেষ স্মৃতি। ২০১৮ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিতে সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তের ভূমিকায় ছিলেন পরেশ রাওয়াল। সিনেমার একটি দৃশ্যে ছেলেকে ‘কুছ তো লোগ কহেঙ্গে’ গানের দর্শন অনুসরণ করে চলার পরামর্শ দেন তিনি। এবার বাস্তব জীবনেও সমালোচনা মোকাবিলার প্রসঙ্গে সেই গানের কথাই তুলে ধরলেন রণবীর।
এদিকে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ঘিরে দর্শকের আগ্রহ বাড়ছে। যুক্তরাষ্ট্রে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয়েছে। সেখানে দর্শকদের কাছ থেকে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া।
ছবিতে রণবীরের পাশাপাশি অভিনয় করেছেন যশ, সাই পল্লবী, সানি দেওল, রবি দুবে, অরুণ গোবিল, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, লারা দত্ত ও কুণাল কাপুরসহ আরও অনেকে।
নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ‘রামায়ণ’ ৪০টি ভাষায় মুক্তি পাওয়ার কথা। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর। সমালোচনা ও প্রত্যাশার চাপ পেরিয়ে সিনেমাটি দর্শকদের কাছে কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।
