এনভিডিয়া ইস্যুতে চাপে মার্কিন বাণিজ্যমন্ত্রী, অপসারণ নিয়ে হোয়াইট হাউসে আলোচনা

এনভিডিয়া ইস্যুতে চাপে মার্কিন বাণিজ্যমন্ত্রী, অপসারণ নিয়ে হোয়াইট হাউসে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ রপ্তানি এবং এনভিডিয়াকে ঘিরে বিতর্কের জেরে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে পদ থেকে সরানোর বিষয়ে আলোচনা চলছে হোয়াইট হাউসে। বিষয়টি সম্পর্কে অবগত দুই কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে ওঠা গুপ্তচরবৃত্তিসংক্রান্ত বিতর্কের পাশাপাশি চীনে উন্নত এআই চিপ রপ্তানি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন লুটনিক।

মার্কিন আইনপ্রণেতাদের একাংশের অভিযোগ, ট্রাম্প প্রশাসন চীনের কয়েকটি কোম্পানিকে বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। পাশাপাশি চীনে এনভিডিয়ার পণ্য রপ্তানির ওপর যথাযথ নজরদারি করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। বিশেষ করে চীনে এআই চিপ পাঠানো বন্ধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে বাণিজ্যমন্ত্রীর বিরুদ্ধে।

রয়টার্সের প্রতিবেদনের পর হোয়াইট হাউস ও বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বৃহস্পতিবার দিনের শুরুতে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, বাণিজ্যমন্ত্রী এবং তাঁর দায়িত্ব পালনের সক্ষমতার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে।

এদিকে মার্কিন সিনেটর জন কেনেডিকে সিএনএনের এক সাক্ষাৎকারে লুটনিককে মন্ত্রিসভা থেকে সরানো উচিত কি না, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এখনও জানি না।’

তবে লুটনিককে দ্রুত জনসমক্ষে জিজ্ঞাসাবাদের পক্ষে মত দিয়েছেন তিনি। কেনেডি বলেন, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার একটি পরিকল্পনা কংগ্রেসের রয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুতর।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্র নতুন কোনো চীনা কোম্পানিকে বাণিজ্য কালো তালিকাভুক্ত করেনি। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি দীর্ঘতম বিরতি। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কায় মার্কিন বাণিজ্য বিভাগ নতুন কোনো চীনা কোম্পানিকে তালিকাভুক্ত করেনি বলে আগের এক প্রতিবেদনে জানিয়েছিল রয়টার্স।

ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও আন্ডার সেক্রেটারি জেফরি কেসলারকে ব্যাখ্যা করতে হবে কেন তাঁরা রপ্তানি নিয়ন্ত্রণের দুর্বলতাগুলো দূর করেননি। মার্কিন উন্নত প্রযুক্তি যেন চীনের সামরিক সক্ষমতা বাড়াতে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও ডেলাওয়্যারের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস সম্প্রতি লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে যৌথভাবে চিঠি দিয়েছেন। চিঠিতে এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনে রপ্তানি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তার ঝুঁকি নিয়ে সব নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন তাঁরা।

সূত্র: রয়টার্স।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *