চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণ মা ছেলেসহ আহত ৩

চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণ মা ছেলেসহ আহত ৩

চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় পৌরসভার একটি ড্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মা-ছেলেসহ তিন পথচারী আহত হয়েছেন। রোববার শহরের নতুন বাজার এলাকায় কদমতলা পৌরসভার কমিউনিটি হলের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। 

সোমবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।

আহতরা হলেন- চাঁদপুরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদের স্ত্রী তন্নী আক্তার (৩৫), ছেলে রোহান (৮) ও একই এলাকার মো. হান্নানের ছেলে মো. রাহিম (৮)। ওই দুই শিশু এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদরাসার ইকরা বিভাগের ছাত্র।

স্থানীয় বাসিন্দারা জানান, মাদরাসা ছুটির পর তন্নী তার ছেলে রোহান এবং রাহিমকে নিয়ে ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পৌরসভার ড্রেনে হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে তারা ৩ জনই আহত হন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল বলেন, আহত মা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপর আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ দিকে ঘটনার পর চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এতে তিন পথচারী আহত হন। এটি একটি ময়লা নিষ্কাশনের ড্রেন। তার পাশেই রয়েছে এসবি খাল। ড্রেনের ময়লাগুলো ওই খালে গিয়ে পড়ে। এই ড্রেনেই বিস্ফোরণ হয়। 

তিনি আরও বলেন, বিস্ফোরণের স্থানে দুটি আলাদা পাইপলাইনও রয়েছে। তবে এগুলো কীসের পাইপ তা এখনই বলা যাচ্ছে না। বায়োগ্যাস, ড্রেন মিথেন গ্যাস কিংবা মানুষের রান্নাবান্না করার গ্যাস বিস্ফোরিত হয়েছে কিনা এখনও বলা যাচ্ছে না। আমরা তা তদন্ত করে পরে জানিয়ে দেবো।

চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, ঘটনাটি কী কারণে হয়েছে। তা তদন্ত করা হচ্ছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *