ক্যানসারে চলে গেলেন মডেল-অভিনেত্রী তুলনা, বয়স হয়েছিল ৩৯
বিনোদন প্রতিবেদক
স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন। ছয় মাস আগে তাঁর শরীরে ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকে চিকিৎসা চলছিল। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হলো তাঁকে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর।
তুলনার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর মা আমেনা বেগম। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে তুলনাকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা যায়, তুলনার স্তন ক্যানসারের চিকিৎসা ঢাকার কয়েকটি হাসপাতালে চলছিল। গত ২০ অক্টোবর তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর দুই দিন শারীরিক অবস্থা ভালো ছিল। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তবে শুক্রবার সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।
একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হন তুলনা। পরে রাত ১১টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের তথ্য অনুযায়ী, তত দিনে তাঁর শরীরে ক্যানসার মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছিল।
তুলনা আল হারুন দেশের নন্দিত নাট্যকার ও নির্মাতা আবদুল্লাহ আল মামুনের ভাই আবদুল্লাহ আল হারুনের মেয়ে। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও উপস্থাপনায়ও সক্রিয় ছিলেন তিনি। শোবিজ অঙ্গনে তাঁর পরিচিতি ছিল।
তাঁর মৃত্যুতে শোবিজ অঙ্গনের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
