চাঁদপুরে আগুনে পুড়ে ঘরহারা পরিবার, পরিদর্শনে এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে অগ্নিকাণ্ডে একটি পরিবারের একমাত্র বসতঘর পুড়ে গেছে। গত শনিবার বেলা সাড়ে ১০টার দিকে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে মো. হাবিবুর রহমানের পরিবারটি সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।
রোববার সকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর–৩ (সদর–হাইমচর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। তিনি ক্ষতিগ্রস্ত ঘরটি ঘুরে দেখেন এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে সহমর্মিতা জানান।
হাবিবুর রহমান বলেন, ‘সবকিছু এক নিমিষেই শেষ হয়ে গেছে। বাঁচানোর মতো কিছুই ছিল না।’ আগুনে পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় সব জিনিসই পুড়ে গেছে বলে তিনি জানান।
স্থানীয় লোকজন জানান, আগুন লাগার পর প্রতিবেশীরা মিলে নেভানোর চেষ্টা করেও ঘরটি রক্ষা করা যায়নি। তাৎক্ষণিক সহায়তা না পেলে পরিবারটি আরও মানবিক সংকটে পড়বে বলে আশঙ্কা তাঁদের।
পরিদর্শনে অ্যাডভোকেট শাহজাহান মিয়ার সঙ্গে ছিলেন তরপুরচন্ডী ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল হোসেন সরদার, ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মুহাম্মদ ইমরান খানসহ স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সরকারি–বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
