ছবির দর্শক কম, তবু খুশি বাঁধন

ছবির দর্শক কম, তবু খুশি বাঁধন

মানুষের ভিড়ে পান্থপথের স্টার সিনেপ্লেক্সে ঘুরে বেড়াচ্ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কথা বলছিলেন দর্শকদের সঙ্গে। হাসিমুখে ছবি তুলেছেন অনেকের সঙ্গে। অভিনেত্রী হিসেবে সিনেমা হল পরিদর্শন নয়, যেন কোনো গেট টুগেদারে হাজির হয়েছেন তিনি।

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেয়েছে বাঁধন অভিনীত ছবি ‘এশা মার্ডার: কর্মফল’। স্টার সিনেপ্লেক্সে এ ছবিটি ছাড়াও ছিল টম ক্রুজের সিনেমা ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রিকনিং’, ‘নীলচক্র’, ‘ইনসাফ’, ‘উৎসব’ ও ‘তাণ্ডব’। এতগুলো সিনেমার মধ্যে তেমন সাড়া পায়নি বাঁধনের ছবিটি? তার পরিচিতির কারণে বেশ কিছু দর্শক তবু এসেছিলেন ছবি দেখতে। তাদের অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, অন্য ছবির টিকিট না পেয়ে ‘এশা মার্ডার: কর্মফল’ দেখতে ঢুকেছেন কেউ কেউ।

কথা হয় ফুডকোর্টে অপেক্ষমান এক দম্পতির সঙ্গে। সদ্য সিনেমা দেখে বের হয়েছেন তারা। পরিচয় দিয়ে কথা বলতে চাইলে রাজি হন। শর্ত দেন, শুধু কথা, না ছবি, না ভিডিও। তারা জানান, বাঁধনের আগের কয়েকটি কাজ দেখেছেন তারা। তাই টম ক্রুজের সিনেমা না দেখে বাঁধনের সিনেমা দেখতে এসেছেন। ছবিতে পূজা ক্রুজ নামে একজন অভিনেত্রীও আছেন। হতাশ স্বরে তাদের একজন বললেন, ‘বাংলাদেশের বেশ কয়েকটা কাজ দেখলাম, বেশ ভালো। কিন্তু আজকে বাঁধনের সিনেমায় দেখলাম তেমন দর্শক নেই।’

তেমন দর্শক নেই, তাতে তেমন অখুশি নন ‘রেহেনা মারিয়াম নূর’ অভিনেত্রী বাঁধন। জাগো নিউজকে তিনি বলেন, এটাই ভালো রেসপন্স। আমি এতটাও চিন্তা করিনি। যাদের ভালো লেগেছে, তারা নিজেরাই রিভিউ দিচ্ছেন। সেগুলো আমার ভীষণ ভালো লেগেছে।’

হলে এসে অভিজ্ঞতা কেমন? জানতে চাইলে তিনি বলেন, ‘আজ আমি অনেক খুশি। আজও সিনেমা হলে এসেছি, দেখলাম হাউসফুল। উঁকি মেরেছি, দেখেই মনটা ভরে গেছে। দর্শকেরা যে সিনেমাটি এত পছন্দ করবেন, সেটা ভাবিনি। খুবই ভালো লাগছে।’

আসলে কেমন লেগেছে দর্শকের? কথা হয় ‘এশা মার্ডার: কর্মফল’ দেখে বের হওয়া বেশ কয়েকজন দর্শকের সঙ্গে। তারা জানালেন, সিনেমাটা বেশ ভালো হয়েছে। তানভীর নামে এক দর্শক বলেন, দেখতে এসেছিলাম “উৎসব”, টিকিট না পেয়ে ঢুকলাম ‘এশা মার্ডার’ দেখতে। খুব ভালো সিনেমা। কিন্তু আমি জানতামই না যে, এই সিনেমা ঈদে এসেছে। তবে কাজটা আর একটু গুছিয়ে করতে পারতো।’

শহরে পরপর তিন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়, সেই ঘটনার তদন্তে নামেন এক নারী পুলিশ কর্মকর্তা। এই গল্প নিয়ে ‘এশা মার্ডার: কর্মফল’। সিনেমাটি পরিচালনা করেছেন সানী সানোয়ার। এতে এশা চরিত্রে অভিনয় করেছেন পূজা এগনেস ক্রুজ। এতে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন, সৈয়দ এজাজ আহমেদ, মিশা সওদাগর ও সুমিত সেনগুপ্ত।

পান্থপথের স্টার সিনেপ্লেক্স ঘুরে দেখা গেছে, বেশ দর্শকপূর্ণ হল। তবে কেউ কেউ পছন্দের সিনেমার টিকেট পাচ্ছেন না। এই সংকট কবে কাটবে তা বলতে পারেননি টিকিট বিক্রেতারা।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *