দুর্ঘটনায় আহত ক্ষুদে অ্যাথলেট সোহাদা, হাসপাতালে ছুটে গেলেন প্রতিমন্ত্রী

দুর্ঘটনায় আহত ক্ষুদে অ্যাথলেট সোহাদা, হাসপাতালে ছুটে গেলেন প্রতিমন্ত্রী

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ইনজুরির কারণে অনেক সম্ভাবনাময় ক্যারিয়ারের অকাল সমাপ্তি ঘটেছে, এই বাস্তবতা নতুন নয়। তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের মধ্যেও এমন ঘটনা প্রায়ই স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়।

এই প্রেক্ষাপটেই আহত এক কিশোর ক্রীড়াবিদকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার (৫ মে) সকালে তিনি রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে গিয়ে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার অংশগ্রহণকারী সোহাদার খোঁজখবর নেন।

গাজীপুরের কালীগঞ্জের ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা সোমবার (৪ মে) শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

হাসপাতালে সোহাদার শয্যাপাশে বেশ কিছু সময় কাটান প্রতিমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নেন তিনি।

এ সময় সোহাদাকে সাহস জোগাতে প্রতিমন্ত্রী বলেন, “তুমি মাঠের লড়াকু সৈনিক। এই লড়াইয়েও তোমাকে জয়ী হতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবাই তোমার পাশে আছি।”

এদিকে সোহাদার পরিবারের উদ্বেগ কমাতে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন, তার চিকিৎসার যাবতীয় ব্যয় ব্যক্তিগতভাবে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বহন করা হবে। পাশাপাশি উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *