বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল সাড়ে তিন বছরের শিশু

বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল সাড়ে তিন বছরের শিশু

রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে বাড়ির পাশের দোকানে যাওয়ার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ সময় তার কোলে থাকা সাড়ে তিন বছরের শিশুকন্যা ছিটকে পড়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে দোকানে সওদা করতে বের হন সুমন। পথিমধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় শিশুটি তার কোল থেকে ছিটকে দূরে পড়ে যায়। পরে স্বজনরা সুমনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি এনজিওতে কর্মরত থাকলেও সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বজ্রপাতের সময় ছিটকে পড়ে শিশুটি সামান্য আহত হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে। বাবার মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এলেও শিশুটির বেঁচে যাওয়াকে অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন স্থানীয়রা।

মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *