বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি, ডি পলের গোল উৎসর্গ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি, ডি পলের গোল উৎসর্গ

স্পোর্টস ডেস্ক

বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন লিওনেল মেসি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার মারা যান মেসির বাবা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ফুটবল অঙ্গনে।

স্থানীয় সময় শুক্রবার থেকে শনিবারের মধ্যবর্তী রাতে, রাত ২টার দিকে মারা যান হোর্হে মেসি। মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে জানা গেছে, ৬৮ বছর বয়সী হোর্হে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

এএফপির তথ্য অনুযায়ী, ফোর্ট লডারডেল থেকে রওনা হয়ে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে রোজারিওতে পৌঁছান মেসি। এরপর পুলিশের নিরাপত্তাবেষ্টনীতে একটি ভ্যানে করে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানরা।

রোজারিওর কাছের শহর পেরেজে হোর্হে মেসিকে সমাহিত করা হবে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শেষবিদায়ের আয়োজন হবে একান্ত পারিবারিক পরিসরে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরাই এতে উপস্থিত থাকবেন।

তবে মেসির বাবাকে যে কবরস্থানে সমাহিত করা হবে, সেই কবরস্থানের ফটকে এরই মধ্যে ভিড় করেছেন অসংখ্য ভক্ত। প্রিয় তারকার কঠিন সময়ে পাশে থাকার জন্য সেখানে জড়ো হয়েছেন তাঁরা।

মেসির পুরো ক্যারিয়ারজুড়ে তাঁর বাবা হোর্হে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাবা একই সঙ্গে ছিলেন তাঁর সবচেয়ে বড় সমর্থকদের একজন এবং দীর্ঘ সময় এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাবার মৃত্যুর কারণে ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের গ্রুপ পর্বে মন্টেরির বিপক্ষে ম্যাচ থেকে মেসিকে অব্যাহতি দেওয়া হয়েছে। ম্যাচের আগে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন খেলোয়াড় ও সমর্থকেরা। গ্যালারিতে ‘ফোর্সা, লিও’—অর্থাৎ ‘শক্ত থাকো, লিও’ লেখা প্ল্যাকার্ডও দেখা যায়।

মেসিকে ছাড়া ম্যাচে শুরুতেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। গোলের পর জার্সি খুলে নিচে পরা মেসির ১০ নম্বর জার্সি দেখান তিনি। আবেগঘন সেই মুহূর্তে ডি পল গোলটি মেসির প্রতি উৎসর্গ করেন।

তবে শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ ব্যবধানে হেরে যায় ইন্টার মায়ামি।

হোর্হে মেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মেসি ও তাঁর পরিবারের প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমবেদনা জানানো হয়েছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলসসহ বিভিন্ন ক্লাব ও সংগঠন শোক প্রকাশ করেছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *