ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ুদূষণের শীর্ষে কাম্পালা
ঢাকা পোস্ট ডেস্ক
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। বায়ুমান সূচকে শহরটির স্কোর ১৮৫। অন্যদিকে ১৫তম অবস্থানে রয়েছে ঢাকা। রোববার সকাল ৯টায় ঢাকার বায়ুমান সূচক ছিল ৯৫, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।
রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।
তালিকায় ১৬১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং। একই স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ১৫৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে বাহরাইনের রাজধানী মানামা এবং ১৪৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা।
আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, কোনো শহরের বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে সেটিকে ‘ভালো’ হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত বায়ুমান ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
আইকিউ এয়ার বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক বা লাইভ সূচক প্রকাশ করে। পরিস্থিতি ও আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে এসব সূচকও পরিবর্তিত হতে পারে।
