বাস-ট্রাকের ধাক্কা, ইঞ্জিন কাভারে বসা ইবি শিক্ষার্থী নিহত

বাস-ট্রাকের ধাক্কা, ইঞ্জিন কাভারে বসা ইবি শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ায় বাস-ট্রাকের ধাক্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) সকালে ক্যাম্পাসে আসার পথে বিত্তিপাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর নাম রাশেদুল ইসলাম। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়। আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সহপাঠীরা জানান, রাশেদ রাতের ট্রেনে জয়পুরহাট থেকে পোড়াদহ পর্যন্ত আসেন। পরবর্তীতে সেখান থেকে কুষ্টিয়া যান। সেখান থেকে শ্যামলী পরিবহনে উঠে ক্যাম্পাসের দিকে আসছিলেন। তিনি বাসের ইঞ্জিন কাভারে বসেছিলেন। পরবর্তীতে বিত্তিপাড়া নামক এলাকায় বাসটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। ইঞ্জিন কাভারে বসার কারণে রাশেদ নিয়ন্ত্রণ হারিয়ে বাস থেকে পড়ে যান।

রাশেদের সহপাঠী তানভির মাহমুদ বলেন, রাশেদের মুখের চোয়াল তিন খণ্ড হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আসা পর্যন্ত জ্ঞান ছিল। পরে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, বাসে-ট্রাকে ধাক্কার একটা দূর্ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে কেউ মারা যায়নি।

অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার কবলে পড়ে রাশেদ নিহত হয়েছে। গোসল ও দাফন দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার মৃত্যুতে আমরা আরবি ভাষা ও সাহিত্য বিভাগ পরিবার শোকাহত। আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *