ময়মনসিংহে বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু

ময়মনসিংহে বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু

ময়মনসিংহে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই গরুসহ কৃষক ও শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (৩১ মে) দুপুরে গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের লামকাইন চর ও নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, গফরগাঁও উপজেলার পাগলা থানার লামকাইন গ্রামের মো. হজরত আলী কারীর ছেলে সোহাগ মিয়া (৩৪) ও নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের হযরত আলীর ছেলে সাইদুল ইসলাম (১২)।

নিহত সোহাগ মিয়ার পরিবার সূত্রে জানা যায়, সোহাগ প্রতিদিনের মতো বেলা ১১টার দিকে ব্রহ্মপুত্র নদের চর লামাকাইন এলাকায় গরুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যান। দুপুরের দিকে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে দুই গরুসহ সোহাগ মিয়া ঘটনাস্থলেই মারা যান।

নিহত সোহাগ মিয়ার চাচাতো ভাই ফেরদৌস আহমেদ মাস্টার বলেন, সোহাগ মিয়া দুই ছেলে সন্তানের জনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অপরদিকে নিহত সাইদুল ইসলামের পরিবার সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম তার পরিবারের সঙ্গে গাজীপুরের মাওনা বসবাস করতেন। মাওনা একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী পরীক্ষা শেষ হওয়ায় গত সপ্তাহে বাবা হজম আলীর সঙ্গে নিজ বাড়ি কামালপুরে আসে। শনিবার দুপুরে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো সাইদুল ইসলাম। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. আনোয়ার হোসেন বলেন, বজ্রপাতে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *