রাশিয়ায় আরও ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি

রাশিয়ায় আরও ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর হয়ে লড়াই করতে রাশিয়ায় আরও অন্তত ৫০ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া—এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, খুব শিগগিরই উত্তর কোরিয়া রাশিয়ায় কমপক্ষে ৫০ হাজার নতুন সেনা পাঠাবে। এ বিষয়ে রাশিয়া ও উত্তর কোরিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। নতুন সেনাদের রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে।

তবে এই তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত জানাননি জেলেনস্কি। তিনি বলেন, সম্প্রতি ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ায় তৈরি কয়েকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

জেলেনস্কির দাবি, রাশিয়ার কাছ থেকে লাইসেন্স ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উত্তর কোরিয়া দেশটির অভ্যন্তরেই ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করছে।

এদিকে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতার বিপরীতে দক্ষিণ কোরিয়ার সঙ্গেও ইউক্রেনের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর কথা জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনের ঘাটতি থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ড্রোন উৎপাদন ও অন্যান্য সামরিক খাতেও দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

২০২৪ সালের জুনে উত্তর কোরিয়া সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একটি বিস্তৃত কৌশলগত চুক্তি করেন তিনি। চুক্তি অনুযায়ী, কোনো পক্ষ বাইরের শক্তির হামলার শিকার হলে অপর পক্ষ সহযোগিতায় এগিয়ে আসবে।

চুক্তির পর ২০২৪ সালেই প্রথমবারের মতো রাশিয়ায় প্রায় ১৪ হাজার সেনা পাঠায় উত্তর কোরিয়া বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি আগস্টে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়া নিয়মিত সেনাদের পাশাপাশি ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি লঞ্চারসহ একটি ক্ষেপণাস্ত্র ইউনিটও পাঠিয়েছে। ইউনিটটি রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হয়েছে।

সূত্র: রয়টার্স

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *