শিক্ষার্থীদের সুস্বাস্থ্য-সুশিক্ষা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মাহদী আমিন

শিক্ষার্থীদের সুস্বাস্থ্য-সুশিক্ষা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যেই ‌‘মিড ডে মিল’ কর্মসূচিকে আরও বিস্তৃত, কার্যকর ও টেকসই করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিমোন লওসন পার্চমেন্ট সাক্ষাৎ করতে আসলে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

সাক্ষাতে দেশের শিক্ষার্থীদের জন্য সরকার পরিচালিত ‘মিড ডে মিল’ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার্থীদের জন্য গুণগত মানসম্পন্ন ও পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিরা আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে কর্মসূচির বাস্তবায়ন আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

মাহদী আমিন বলেন, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম।

বৈঠকে আরও আলোচনা হয়, কীভাবে এই কর্মসূচিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করা যায়। বিশেষভাবে তদারকি ও পর্যবেক্ষণ জোরদার করা এবং উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচির উপ-কার্যক্রম প্রধান মেরিব্যাথ ব্লাক, সরবরাহ ব্যবস্থাপনা প্রধান ক্যাথরিন ক্লেয়ার, স্কুল ফিডিং প্রধান ইমা ক্লারা লেফু এবং জ্যেষ্ঠ অংশীদারিত্ব উপদেষ্টা মো. মহসিন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *