শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ, বিজিবি মোতায়েন

শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ, বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

সকালে নাওজোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। তাঁদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে গাজীপুরের চন্দ্রায় ডিভাইন ও ইন্টার স্টপ কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং আইনশৃঙ্খলা রক্ষায় গাজীপুরে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে। ১০ প্লাটুন থেকে বাড়িয়ে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।

মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, সকাল ৮টার কিছু আগে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন।

এদিকে, আশুলিয়ার বিভিন্ন এলাকায়ও সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা। নিরাপত্তা শঙ্কায় অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গত কয়েক দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। আন্দোলনের কারণে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *