মাঠে গোলকিপারের সঙ্গে সংঘর্ষের পর স্প্যানিশ স্ট্রাইকারের মৃত্যু
মাঠে গোলকিপারের সঙ্গে সংঘর্ষের পর হাসপাতালে মারা গেছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। আজ মঙ্গলবার ৩০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার ক্লাব।
গত সোমবার রাতে এফসি আন্দোরার বিপক্ষে ম্যাচে খেলার সময় আরেক ফুটবলারের সঙ্গে সংঘর্ষ হয় দে মিগেল। ২-২ সমতায় থাকা ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটে লম্বা বল ক্লিয়ার করতে বক্স ছেড়ে বেরিয়ে আসেন আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনো। এ সময় তার হাঁটুর আঘাত লাগে দে মিগেলের বুকে।
মাঠে পড়ে যান দে মিগেল। দুই দলের খেলোয়াড়েরা দ্রুত চিকিৎসাকর্মীদের ডাকেন। পাঁচ মিনিটের বেশি সময় মাঠেই চিকিৎসা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর জানায় টেনেরিফ।
এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমরা হেসুস দে মিগেল আলামেদার মর্মান্তিক মৃত্যুর খবর জানাচ্ছি। এই শোক প্রশমনের কোনো ভাষা নেই।’
দে মিগেল ২০২৫ সালে কাস্তেয়ন থেকে টেনেরিফে যোগ দেন। গত মৌসুমে ক্লাবটির হয়ে ১১ গোল করেছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছে স্পেনের বিভিন্ন ক্লাব। দে মিগেলের পরিবার, সতীর্থ ও টেনেরিফের প্রতি সমবেদনা জানিয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদও।
