বৃষ্টিতে নাকাল কর্মজীবী মানুষ, ঢাকায় যানজটে চরম ভোগান্তি

বৃষ্টিতে নাকাল কর্মজীবী মানুষ, ঢাকায় যানজটে চরম ভোগান্তি

সকাল থেকেই প্রবল বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকা। গরমের তীব্রতা কিছুটা কমলেও বৃষ্টির কারণে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও তীব্র যানজট দেখা দিয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামী কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীরা। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে বৃষ্টিতে আশ্রয়ের জন্য কাছাকাছি দোকান ও ভবনে ছুটে যান। ছাতা থাকলেও অনেকেই ভিজে যান, বিশেষ করে জুতা ও কাপড় ভিজে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।

মতিঝিল এলাকায় বাসে ওঠার সময় যাত্রীদের ভিজে যেতে দেখা যায়। একইভাবে স্কুলগামী শিক্ষার্থীরাও বৃষ্টির মধ্যে ভিজে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন।

রামপুরা এলাকায় আলিফ পরিবহনের যাত্রী ইমরান হোসেন বলেন, সকালে হঠাৎ আকাশ এতটাই অন্ধকার হয়ে যায় যে মনে হচ্ছিল সন্ধ্যা নেমে এসেছে।

বাংলামোটরে অফিসেগামী কর্মজীবী নারী মাহফুজা রহমান বলেন, অফিসে যাওয়ার পথে দীর্ঘক্ষণ রিকশার জন্য অপেক্ষা করতে হয়েছে। পরে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় যেতে হয়েছে।

আরেক কর্মজীবী নারী জানান, ছাতা থাকলেও বৃষ্টিতে পুরোপুরি ভিজে যাওয়ার হাত থেকে রক্ষা পাননি। তবে বৃষ্টির কারণে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে বলে জানান তিনি।

টানা বৃষ্টিতে রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর সঙ্গে তীব্র যানজট পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। অফিসগামী যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারার শঙ্কায় পড়েছেন। অনেককে দীর্ঘক্ষণ বাস ও রিকশার জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ১৭টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *