৪ হাজার কোটি রুপির সিনেমা, কেমন হলো প্রথম পর্বের ট্রেলার?

৪ হাজার কোটি রুপির সিনেমা, কেমন হলো প্রথম পর্বের ট্রেলার?

ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও বড় আয়োজনের সিনেমা ‘রামায়ণ’। নির্মাণে নিতেশ তিওয়ারি, প্রযোজনায় নমিত মালহোত্রা। দুই পর্বে বড় পর্দায় আসছে হিন্দু ধর্মের পৌরাণিক এই মহাকাব্য। নির্মাণের বাজেট ৪ হাজার কোটি রুপিরও বেশি! সেই ঐতিহাসিক সিনেমার প্রথম পর্বের ট্রেলার আজ প্রকাশিত হয়েছে।

সচরাচর ট্রেলারের চেয়ে বেশ দীর্ঘ এটি। ৪ মিনিট ১০ সেকেন্ডের এ ট্রেলারে সিনেমার চুম্বকাংশ তুলে ধরা হয়েছে। তাতে রাম ও রাবণের মহাকাব্যিক লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে।

ট্রেলারটি শুরু হয় যশের রাবণ চরিত্রের রাজত্ব বিস্তারের দৃশ্য দিয়ে। এরপর পৌরাণিক কাহিনি অনুযায়ী, মানবজাতিকে রক্ষার জন্য ভগবান বিষ্ণু রামের রূপ ধারণ করেন। ট্রেলারে রণবীর কাপুরকে রামের চরিত্রে দেখা গেছে। রাম মানবজাতিকে রক্ষা করার শপথ নেয়, প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত বলে জানায়।

রাম-সীতার বিয়ে থেকে শুরু করে তাদের ১৪ বছরের বনবাসের সূচনা পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর ঝলক তুলে ধরা হয়েছে ট্রেলারে।

রাকুল প্রীত সিংকে দেখা যায় রাবণের বোন শূর্পণখার চরিত্রে। লক্ষ্মণের হাতে শূর্পণখা অপমানিত হওয়ার পর প্রতিশোধ নিতে রাবণ পরিকল্পনা করে, যার পরিণতিতে শুরু হয় রাম ও রাবণের মহাযুদ্ধ। ট্রেলারে রামকে বলতে শোনা যায়, ‘রাবণ যদি তিন লোকের অধিপতি হয়, তবে সেই তিন লোকই তার মৃত্যুর সাক্ষী হবে।’ একই সঙ্গে রাবণের কবল থেকে সীতাকে উদ্ধারের অঙ্গীকারও করতে দেখা যায় রামকে।

ট্রেলারের প্রায় সবটাজুড়েই ভারি ভিএফএক্সের উপস্থিতি দেখা গেছে। অ্যাকশন দৃশ্যগুলো নির্মাণেও চমক দেখিয়েছে ‘রামায়ণ’ টিম।

এর আগে মহাকাব্য ‘রামায়ণ’ থেকে ‘আদিপুরুষ’ নির্মিত হয়েছিল, সেটি দুর্বল চিত্রনাট্য ও নির্মাণের কারণে সমালোচিত হয় এবং বক্স অফিসেও হয় ব্যর্থ। সে তুলনায় নতুন ‘রামায়ণ’ নিয়ে দর্শকের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে বেশি। যদিও কেউ কেউ এখনো সেভাবে সন্তুষ্ট হতে পারছেন না।

‘রামায়ণ’-এ রণবীর কাপুরের সঙ্গে ‘সীতা’ চরিত্রে আছেন সাই পল্লবী, ‘রাবণ’ হয়েছেন যশ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে আছেন সানি দেওল, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, সৌরভ সচদেবা, লারা দত্ত, রবি দুবে প্রমুখ।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী এ আর রহমান ও হ্যান্স জিমার। গানের কথা লিখেছেন ড. কুমার বিশ্বাস। সিনেমার প্রথম পর্ব মুক্তি পাবে এ বছরের দীপাবলিতে, দ্বিতীয় পর্ব আসবে আগামী বছর।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *