চট্টগ্রামে বিএনপি নেতাদের বিশেষ বার্তা দিলেন তারেক রহমান

চট্টগ্রামে বিএনপি নেতাদের বিশেষ বার্তা দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে দলের সাংগঠনিক সভায় তৃণমূলের নেতাকর্মীদের মানুষের কাছে গিয়ে তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাত সোয়া ৮টার দিকে নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতারা ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

দলীয় সূত্র জানায়, সভায় চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলের কাঠামো আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় দলের নেতাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন তারেক রহমান।

তৃণমূলের নেতাকর্মীদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিএনপির সবচেয়ে বড় শক্তি তৃণমূলের নেতাকর্মীরা। সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূলকেও শক্তিশালী করতে হবে। নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে।

তারেক রহমান আরও বলেন, মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মধ্য দিয়েই রাজনীতি করতে হবে। নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডে যেন সাধারণ মানুষের মধ্যে বিএনপি সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

দলের অভ্যন্তরীণ বিভেদ ও মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি সংগঠনের প্রতিটি স্তরে শৃঙ্খলা, জবাবদিহি ও পারস্পরিক সম্মান নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা ও থানা পর্যায়েও সংগঠনকে শক্তিশালী করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও সাংগঠনিক সক্ষমতার ওপর দলের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে।

এ সময় তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তাদের আরও বেশি সম্পৃক্ত করার জন্য দলীয় নেতাদের নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান।

সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় কর্মসূচি তৃণমূল পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হয়।

এর আগে রোববার সকাল থেকে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। দিনের শেষ কর্মসূচি হিসেবে রাতে চট্টগ্রামে দলের সাংগঠনিক সভায় যোগ দেন তিনি। পরে রাতেই চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর উদ্দেশে রওনা হন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *