দুই হাতে হাঁসুয়া নিয়ে দুলাভাইকে কোপাতে হাসপাতালে শ্যালক, আটক

দুই হাতে হাঁসুয়া নিয়ে দুলাভাইকে কোপাতে হাসপাতালে শ্যালক, আটক

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে কোপাতে দুই হাতে দুটি হাঁসুয়া নিয়ে পুরুষ ওয়ার্ডে ঢুকে পড়েছিলেন এক যুবক। তবে হামলার আগেই রোগীর স্বজনেরা তাকে ধরে ফেলেন। পরে পুলিশ তাকে আটক করে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। আটক শাকিল আহাম্মেদ (২৮) কালাই উপজেলার ছত্রগ্রামের বাসিন্দা। তার দুলাভাই মিনহাজুল ইসলাম ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মিনহাজুল ইসলাম ও তার স্ত্রী সুরাইয়া বেগমের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এর পরদিন শনিবার বিষপান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মিনহাজুল।

শাকিলের অভিযোগ, তার দুলাভাই প্রায়ই তার বোনকে মারধর করতেন। ঘটনার দিনও তার বোনকে মারধর করা হয়েছে বলে খবর পান তিনি। এতে ক্ষুব্ধ হয়ে দুলাভাইকে কোপাতে দুটি হাঁসুয়া নিয়ে হাসপাতালে যান শাকিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই হাতে দুটি হাঁসুয়া নিয়ে শাকিলকে হাসপাতালের ভেতরে ঢুকতে দেখে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তিনি পুরুষ ওয়ার্ডে ঢুকে চিকিৎসাধীন মিনহাজুলের দিকে এগিয়ে গেলে সেখানে থাকা রোগীর স্বজনেরা তাকে ধরে ফেলেন। এ সময় তার কাছ থেকে হাঁসুয়া দুটি নিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

জয়পুরহাট সদর থানার এসআই ইমরান হোসেন সন্ধ্যা ৬টার দিকে পুলিশ সদস্যদের নিয়ে হাসপাতালে গিয়ে শাকিলকে আটক করেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, সোমবার সকালে সদর থানার এসআই শাহজাহান আলী বাদী হয়ে আটক শাকিলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *