গভীর রাতে ১০ ঘোড়া জবাই, মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে একটি পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেলেও তিনটি জবাই করা ঘোড়া ঘটনাস্থলে ফেলে রেখে যায় তারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে জবাই করা ঘোড়া, মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অন্য কোনো স্থান থেকে ঘোড়াগুলো নিয়ে এসে নির্জন ওই পরিত্যক্ত বাড়িতে জবাই করা হয়। ধারণা করা হচ্ছে, রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়। ভোর হয়ে যাওয়ায় দুর্বৃত্তরা সাতটি ঘোড়ার মাংস নিয়ে যেতে পারলেও বাকি তিনটির মাংস নিতে পারেনি।
স্থানীয়দের ধারণা, ঘোড়ার মাংস অন্য কোনো মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রির উদ্দেশ্যে এভাবে জবাই করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা মফিজ বলেন, সকালে শুনেছেন ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। সাতটির মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনটি জবাই করা ঘোড়া ফেলে রেখে গেছে। এ ঘটনায় বাজারে মাংস কেনার ক্ষেত্রে মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাত ১টা থেকে ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়েছে।
তিনি বলেন, ভোর হয়ে যাওয়ায় সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেলেও তিনটি জবাই করা ঘোড়া ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। অন্য কোনো স্থান থেকে ঘোড়াগুলো এনে সেখানে জবাই করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
