নতুন চুলে বদলে গেছে চেহারা, রাস্তায় হালান্ডকে চিনতে পারছেন না অনেকে

নতুন চুলে বদলে গেছে চেহারা, রাস্তায় হালান্ডকে চিনতে পারছেন না অনেকে

স্পোর্টস ডেস্ক

নতুন মৌসুম শুরুর আগে চুলের স্টাইল বদলে ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছিলেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। সোনালি লম্বা চুল ও পরিচিত খোঁপা কেটে নতুন লুকে হাজির হওয়া এই তারকা এবার জানালেন, চেহারার পরিবর্তনের কারণে রাস্তায় অনেকেই তাঁকে আগের মতো চিনতে পারছেন না।

আগস্টের শেষ দিকে হালান্ডের নতুন চেহারা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। তাঁর চুল কাটার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান অনেক তারকা ফুটবলারও। এমনকি বন্ধুদের বিস্মিত হওয়ার মুহূর্তের ভিডিও নিজেই প্রকাশ করেন হালান্ড।

সুইডিশ ফুটবল কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচও তাঁর নতুন চেহারা দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন। তিনি হালান্ডকে প্রশ্ন করেছিলেন, ‘তুমি কী করেছ? এটা কী? তুমি কি বাজি হেরে গেছ নাকি অন্য কিছু?’

স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় নিজের নতুন চুলের স্টাইল নিয়ে কথা বলেন হালান্ড। ফরাসি সংবাদমাধ্যম আরএমসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হালান্ড জানান, চুল কাটার পর এতটা আলোচনা হবে, তা তিনি কল্পনাও করেননি। তাঁর ভাষায়, ‘আমি ভেবেছিলাম এটা নিয়ে একটা শোরগোল উঠবে। কিন্তু ভাবতেও পারিনি যে পুরো বিশ্ব আমার চুল কাটা নিয়ে প্রতিক্রিয়া দেখাবে। এটা ছিল মজার।’

২৬ বছর বয়সী এই স্ট্রাইকার আরও বলেন, ‘রাস্তায় এখন আর আগের মতো আমাকে চিনতে পারে না। সেই সোনালি চুল আর নেই। এটা বদলে গেছে। আমি এটাকে ভালো ব্যাপার হিসেবেই দেখছি।’

চেহারায় পরিবর্তন এলেও মাঠের পারফরম্যান্সে অবশ্য আগের মতোই ধারাবাহিক হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার সিটির হয়ে সাত ম্যাচে সাত গোল করেছেন তিনি। তাঁর গোলের ধারায় এগিয়ে থাকা সিটিও রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে।

মাঠের বাইরের নতুন লুক নিয়ে আলোচনা চললেও গোলের পর গোল করে মাঠেই নিজের পরিচয় ধরে রাখছেন নরওয়েজিয়ান এই গোলমেশিন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *