ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক সুইস ফুটবলার

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক সুইস ফুটবলার

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন সুইজারল্যান্ডের সাবেক ফুটবলার রেমন ভেগা।

ইনফান্তিনো ইতোমধ্যে তিন মেয়াদে ফিফার সভাপতির দায়িত্ব পালন করছেন। চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর মধ্যেই তার বিরুদ্ধে প্রথম প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করলেন ৫৫ বছর বয়সী সাবেক এই সুইস ডিফেন্ডার।

ফিফা সভাপতি পদে প্রার্থী হওয়ার কারণ ব্যাখ্যা করে ভেগা বলেন, তার লক্ষ্য ফুটবলের সেবা করা এবং এই খেলাকে প্রাণবন্ত করে রাখা মানুষদের পাশে দাঁড়ানো। একই সঙ্গে বিশ্ব ফুটবল পরিবারকে ঐক্যবদ্ধ করা, দীর্ঘমেয়াদি সংস্কার আনা এবং আধুনিক সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিফাকে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

ভেগার ভাষ্য, ফিফার স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার এবং ফুটবলের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই তার অন্যতম লক্ষ্য।

ইনফান্তিনোর নেতৃত্বেরও সমালোচনা করেছেন ভেগা। তার মতে, ফুটবল কোনো ব্যক্তি, সভাপতি, কনফেডারেশন কিংবা প্রশাসকের সম্পত্তি নয়; এটি খেলোয়াড়, কোচ, রেফারি, সমর্থক, ক্লাব, লিগ, সংগঠন এবং সংশ্লিষ্ট সবার।

ফিফার বর্তমান নেতৃত্বের সমালোচনা করে ভেগা বলেন, দুর্বল শাসনব্যবস্থার কারণে সংস্থাটির বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্ব ফুটবল পরিবারের আস্থায়ও প্রভাব পড়েছে। এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

কে এই রেমন ভেগা?

স্প্যানিশ অভিবাসী পরিবারের সন্তান রেমন ভেগা সুইজারল্যান্ডে বেড়ে ওঠেন। ১৩ বছরের বেশি সময়ের খেলোয়াড়ি ক্যারিয়ারে তিনি সুইজারল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলেছেন। ১৯৯৭ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দেন এই সেন্টার-ব্যাক।

টটেনহ্যামের হয়ে ১৯৯৮-৯৯ মৌসুমে ইংলিশ লিগ কাপ জেতেন ভেগা। পরে ধারে স্কটিশ ক্লাব সেল্টিকে খেলেন এবং ২০০০-০১ মৌসুমে স্কটিশ ট্রেবল জয়ের স্বাদ পান। ক্যারিয়ারের শেষ দিকে ইংল্যান্ডের ওয়াটফোর্ডেও খেলেছেন তিনি।

সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন ভেগা। ১৯৯৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের হয়ে খেললেও বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাননি। ২০০৩ সালে ৩২ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর নেন তিনি।

এর আগে ২০১৯ ও ২০২২ সালেও ফিফা সভাপতি পদে ভেগার প্রার্থী হওয়ার আলোচনা উঠেছিল। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নেননি। এবার আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ফিফার সভাপতি নির্বাচনকে নতুন মাত্রা দিলেন সাবেক এই সুইস ফুটবলার।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *