বোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তল্লাশি করে প্রবেশ

বোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তল্লাশি করে প্রবেশ

নিজস্ব প্রতিবেদক

অজ্ঞাত একটি ই-মেইলে ‘গণবোমা’ হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে তল্লাশি করে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও বাড়তি নিরাপত্তা দায়িত্বে মোতায়েন করা হয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের একটি আইডি থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ই-মেইল পাঠানো হয়। এতে মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়।

হুমকির ই-মেইল পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়। পাশাপাশি সতর্কতামূলকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ই-মেইলটি পাঠিয়ে সহযোগিতা চাওয়া হয়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক লিখিত বক্তব্যে জানায়, অজ্ঞাত ওই ই-মেইলকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাঁর ভাষ্য, এটি সম্ভাব্য কোনো হুমকি নয়।

তিনি জানান, এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি ডিবির সাইবার টিম তদন্ত করছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *